Author: Admin1

  • ছাত্র-জনতার ওপর হামলা:সাবেক এমপি কালাম কারাগারে

    ছাত্র-জনতার ওপর হামলা:সাবেক এমপি কালাম কারাগারে

    নিজস্ব প্রতিনিধি :

    ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতে তোলে।পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

    এদিকে আদালত থেকে বের করার সময় সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাবেক এ এমপি।বিক্ষুব্ধ জনতার মধ্যে থেকে একজন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাঁশ দিয়ে সাবেক এমপি কালামের মাথায় আঘাত করেন। তবে হেলমেট পরে থাকায় কোনো রকমে তার রক্ষা হয়।পরে কোর্ট পুলিশ তাকে খুব দ্রুত প্রিজন ভ্যানে তুলে দিয়ে কারাগারে পাঠায়।

    রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমান উল্লাহ জানান,বুধবার (২ অক্টোবর) রাজধানী ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাগমারা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

    এর আগে ছাত্র-জনতার আন্দোলন কর্মসূচিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হামলার মামলায় আদালতে তোলা হলে বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গত বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাজশাহীর বাগমারা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসে। বিকেলে তাকে আদালতে তোলা হয়।

    রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন,গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলাতেই আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।

    এঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালামসহ আওয়ামী লীগের কয়েকশ’নেতাকর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় পৃথকভাবে পর পর মোট ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক,ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল,গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার,শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে বন্দি আছেন।

    সর্বশেষ আবুল কালাম আজাদ রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান বাগমারা থানার এ পুলিশ কর্মকর্তা।

    আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এমপি হওয়ার আগে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া নানা কারণেই তিনি আলোচিত-
    সমালোচিত ছিলেন।

    সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান। এরপর পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে নিজ দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে হারিয়ে প্রথমবারের মতো তিনি এমপি নির্বাচিত হন। এরপর সহধর্মিণী খন্দকার শাইলা পারভীনকে তাহেরপুর পৌরসভার মেয়র করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তারা উভয়ই আত্মগোপনে চলে যান।# মহ/ দৈনিক বাংলার তরী

  • গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রাজশাহী প্রতিনিধি :

    রাজশাহী মহানগর রাজপাড়া থানার অন্তর্গত চন্ডিপুর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার জোরপূর্বক জমি ও বাড়ী দখলের অভিযোগটি মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সপুরা গোরস্থানপাড়া এলাকার সাইদুল ইসলাম কটা ও তার ছেলে মোঃ সাজিদ শেখ শাওন।

    আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫ টায় নগরীর সপুরা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বাড়ী দখলের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করে সাইদুল ইসলাম কটার ছেলে মোঃ সাজিদ শেখ শাওন।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০৫ সালে দায়েম উদ্দিনের থেকে ২ শতক জমি আমার বাবা সাইদুল ইসলাম ক্রয় করে ও সেখানে বাড়ী নির্মাণ করে নিজ নামে খারিজ করেন। যার পরিপ্রেক্ষিতে বাড়ীটি সম্পূর্ণ আমাদের দখলেই থাকে। তবে আমার বাবা সাইদুল ইসলাম রোগ ব্যাধির কবলে পড়ে ধীরে ধীরে তিনি দৃষ্টি শক্তিহীন হয়ে পড়েন।

    তিনি আরো বলেন, আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে কিছু কুচক্রী লোক মাদ্রাসার নাম করে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের বাড়ী জোর পূর্বক দখলের চেষ্টা করে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যৌথ বাহিনীর সহযোগিতায় থানায় সমাধানে বসা হয়। সে সময় আবু তাহের আর.এস. ৪৪২২ দাগের কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, যদি আবু তাহের জমির সঠিক ও মূল কাগজপত্র দেখাতে পারে তবে স্বেচ্ছায় জায়গাটি তাদের দিয়ে দেওয়া হবে। আর না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে হয়রানি করায় আইনি ব্যবস্থা গ্রহণ করব।

    এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাড়ীটি দখলের চেষ্টায় আমাদের হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে গত মঙ্গলবার (০২ রা অক্টোবর ) মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এরপর ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যার ফলে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান মোঃ সাজিদ শেখ শাওন।

    সংবাদ সম্মেলনে সাইদুল ইসলাম কটা, তার স্ত্রী রোকশানা বেগম ও ছেলে মোঃ সাজিদ শেখ শাওন উপস্থিত ছিলেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

    রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের গ্রিণপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী,তাত বস্ত্র,গার্মেন্টস,ভ্যারাইটি সামগ্রী,গিফট কর্ণার,খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামনিদের বিনোদনে নাগরদোলাসহ ৩টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

    উদ্বোধনকালে প্রধান অতিথি রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ‘দৈনিক বাংলার তরী’ কে বলেন,ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন।

    রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকান্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরণের সহযোগিতা করা হবে।

    কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি।

    উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনর সচিব মোঃ মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখি, বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ

    দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ

    রংপুর জেলা প্রতিনিয়ন:

    রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই সভা ও ডি ও (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শানেরহাট ইউনিয়নের বড়পাহাড়পুর মহেন্দ্রবাড়ী পুজা মন্ডবের সভাপতি বিনয় চন্দ্র মহন্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন চন্দ্র মহন্ত, সভাপতি সুধীর চন্দ্র রায়, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ রতন শর্মা, পীরগঞ্জ থানার ওসি তদন্ত নজির হোসেন, উপজেলা জামায়তের আমীর মওলানা বেলাল হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, রংপুর জেলা জামায়াতের সদস্য মওলানা নুরুল আমীন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

    জানা গেছে, এবারে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৯৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
    দুর্গাপূজার সরকারীভাবে ৯৭ টি মন্ডপে ৫শত কেজি করে চাল এবং ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। সভায় পীরগঞ্জের সবগুলো পুজা মন্ডপের সভাপতি/ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা পীরগঞ্জে শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপনের ব্যাপারে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।# মহ/ দৈনিক বাংলার তরী

  • দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    নিজস্ব প্রতিবেদক :

    আনন্দ মুখর আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৪ বর্ষপূর্তি ও ১৫ বর্ষে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টার হল রুমে পত্রিকাটির জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে আমন্ত্রিত অতিথিরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আজিবার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

    সুমাইয়া খাতুনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে পত্রিকার উপদেষ্টা আলহাজ্ব মো.আবু বাক্কার আলী, উপদেষ্টা মামুনুর রহমান মামুন, উপদেষ্টা মো.সেলিম রেজা,বারিন্দ মেডিকেল কলেজ হসপিটালের সিনিয়র উপদেষ্টা লায়ন ডা.এসএম মান্নান, এ সান কেজিস্কুলের অধ্যাপক এসএম আব্দুল কাদের, সহকারী অধ্যাপক এবিএম. মিজানুর রহমান মিজান, নির্বাহী সম্পাদক এসএম মুগনী নীরো, সাব এডিটর মশিউর রহমান মণি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা মামুন, যুবদল নেতা রনি, মহানগর যুবদলের সদস্য রফিকুল ইসলাম রবি, বৃহত্তর জনকল্যান সংস্থা ডা.রাসেল মিঞা সাংগঠনিক সম্পাদক, নিবার্হী সদস্য আজম আলী। মহানগর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রজব আলী, উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক এমএ হাবিব জুয়েল, রাজশাহীর আলো ও খবর২৪ঘন্টার স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম বুলবুল, বিএমএসএফ এর যুগ্ম মহাসচিব সাগর নোমানী, রাজশাহী বিভাগীয় সদস্য সচিব কাজী আসাদুর রহমান টিটো, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার দুর্গাপুর প্রতিনিধি আব্দুল খালেক, সাংবাদিক ফরিদ আহমেদ আবির, আলামিন হক বিজয়, জাহিদুল ইসলামসহ কবি সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    অনুষ্ঠানে বক্তরা বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষ পাঠক হিসেবে দ্রুত আকৃষ্ট হয় এ পত্রিকায়। পরিপাটি খবর পরিবেশন, মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল থেকে গণতান্ত্রিক ও উদার সম্পাদকীয় নীতির কারনে রাজশাহীর আলো পত্রিকাটি মানুষের পাঠক প্রিয়তায় রূপ লাভ করেছে। আজ এ পত্রিকাটির ১৪ বছর পূর্তি উৎসব। এ উৎসবে আপনাদের স্বাগত।

    আমন্ত্রিত অতিথিরা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৪ বর্ষপূর্তি ১৫ বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সফলতা কামনা করেন” বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি প্রশংসা ব্যক্ত করেন ও পত্রিকাটির পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন । অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।#মহ/দৈনিক বাংলার তরী

  • রংপুর বিটিসিএলের জিএম-২ আব্দুল মালেক এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    রংপুর বিটিসিএলের জিএম-২ আব্দুল মালেক এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    নিজস্ব প্রতিনিধি:

    রংপুর বিটিসিএলের জিএম-২ আব্দুল মালেক এর বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন রংপুর বিটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা।

    তারা বলেন চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে রংপুর কার্যালয়ে পদন্নতির মাধ্যমে যোগদান করে সপ্তাহ খানিক অফিস করে রাজশাহীতে চলেযান আর অফিসে ফিরে আসেননি।রাজশাহী থেকে ইমেইল ও মোবাইল ফোনের মাধ্যমে অফিস পরিচালনা করেন। ফলে দাপ্তরিক কাজকর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে।

    মঙ্গলবার দুপুরে বিটিসিএল (বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড)রংপুর কার্যালয়ে গেলে কর্মকর্তা-কর্মচারিরা এসব অভিযোগ করেন। হঠাৎ তার অনুপস্থিতের বিষয়টি অনেকের কাছে রহস্যজনক মনে হচ্ছে। জানাগেছে, রংপুর বিটিসিএলের অধিক্ষেত্রে দশটি জেলা রয়েছে। এই ১০ টি জেলার রংপুর বিটিসিএলের জিএম অফিস থেকে বিটিসিএল এর যাবতীয় দাপ্তরিক কাজের সমন্বয় হয় জিএম-২ রংপুর অফিস থেকে। জিএম আব্দুল মালেক সশরীরে অফিসে উপস্থিত না থাকায় দাপ্তরিক ও কারিগরি কাজে ব্যাঘাত হচ্ছে। অনেক সরকারি কর্মকর্তা এবং গ্রাহক মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুল মালেকের সাথে সাক্ষাৎ করতে এসে তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে বিটিসিএল এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে ও কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে বলে জানান একাধিক কর্মকর্তা।

    কারিগরি প্রশাসনিক দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকে চেকের মাধ্যমে সরকারি রাজস্ব জমা করে থাকেন কিন্তু জিএম না থাকায় তা হচ্ছেনা। গ্রাহক পর্যায়ে বিল পরিশোধ, বকেয়া উত্তোলন, কারিগরি পর্যায়ে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, কারিগরি ত্রুটির সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা।

    বিটিসিএল সূত্র জানায়, রাজশাহীতে নিজ বাসায় বসে ইমেইলের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার ফলে অফিসিয়াল কর্মকর্তাদের তার ইনস্ট্রাকশন মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। ফলে অফিসের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে।সেই সাথে তার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও খামখেয়ালি পোনার অভিযোগ উঠেছে।তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাক্তিগত আক্রোশের জেরে প্রায় ৪৫ থেকে ৬০ জনকে বদলি করে এতে ১০ জেলার বিটিসিএল এর কর্মকান্ডে ব্যাপক হযবরল অবস্থা তৈরি করে কর্মপরিবেশ নষ্ট করেছে। এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিটিসিএল এর ১০ জেলার সম্বনয়ে ৩ টি ডিজিএম কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গণ সাক্ষর করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের করেন।

    অনুসন্ধানে রংপুর বিটিসিএল অফিসে গেলে উঠেআসে জিএম আব্দুল মালেকের বিরুদ্ধে ভয়াবহ তথ্য। তার নামে অভিযোগে গণ সাক্ষর করা কর্মকর্তা কর্মচারীদের নানান ভাবে বদলি ও চাকরি চুত্যির হুমকি দিয়ে আসছেন অনবরত।

    জানা গেছে হাতে গোনা কতিপয় অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় আব্দুল মালেকের এরকম বেপরোয়া আচরণ এবং শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে যা বিটিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করে উল্টো আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে রংপুর অফিসে অনুপস্থিতির বিষয়টি বৈধতা পায়।এমতাবস্থায় রংপুর তার প্রেষণাদেশ বাতিলের দবিতে ১০ জেলায় কর্মবিরতি পালন করছেন জিএম এর অধিনস্ত কর্মকর্তারা।কর্ম বিরতিতে থেকে গ্রাহক সেবা দিলেও যোগ দেননি কনো মিটিং এ।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর বিটিসিএলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুল মালেক দাম্ভিকতার সহিত বলেন,আপনারা সংবাদ করেন আমার সমস্যা নেই,আমি এখন রাজশাহীতেই অফিস করি তিনটি সম্বনয় অফিস আমার দায়িত্বে,আনিত অভিযোগ মিথ্যা,একসাথে এতগুলো কর্মচারীদের বদলি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিসের প্রয়োজনে করেছি।

    লিখিত অভিযোগ থাকার পরও কি ভাবে অতিরিক্ত দায়িত্ব পেলো জানতে চাইলে বিটিসিএল এর এমডি মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন অভিযোগ পেয়েছি,তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি,আগামি তিন দিনের ভিতর প্রতিবেদন জমা হবে।তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহন করা হবে।#মহ / দৈনিক বাংলার তরী

  • রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

    রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

    নিজস্ব প্রতিনিধি :

    একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে গড়বো সবুজ গ্রাম, সবুজের মাঝে সতেজ নিশ্বাস আমরা জোগাবো বিজয়ের আশ্বাস” এই স্লোগানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার।

    মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় আল-আকসা ডেভেলপার্স (প্রা:) লি.-এর আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর আয়োজন করা হয়।

    আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন আল-আকসা (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান মো: সালেউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান কাজী।
    পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গ্রীণ হাউজ ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চহিদা বাড়ছে, দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে। তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান। বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করায় আল-আকসা (প্রা:) লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।

    পরবর্তীতে পুলিশ কমিশনার উপস্থিতিদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ জাতের এক হাজার চারা বিতরণ করেন এবং আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বকুল গাছের চারা রোপণ করেন।
    এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।#মহ

  • রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি :

    রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভাটি হয়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ মফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম।
    কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদানসহ এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। মানবিক মনোবৃত্তি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আইনী সেবা নিশ্চিতকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত চেষ্টায় অসহায়দের আইনী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। বিনামূল্যে আইনী সেবায় উপকৃত হচ্ছেন অসহায় সাধারণ মানুষ। রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস পরিমানগত ও গুণগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে বিশ্বাস করি। তিনি প্রান্তিক পর্যায়ে আরও বেশি প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত ছিলেন, মহানগর ও দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ ইমদাদুল হক, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোঃ ইকবাল বাহার, পুলিশ কমিশনার প্রতিনিধি সীমা খানম, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ,
    উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর মোছাঃ হাসিনা মমতাজ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।

    উল্লেখ্য, সভায় জুলাই ও আগস্ট মাসের ১৮৪টি মামলার সব কয়েকটিতে পদক্ষেপ গ্রহণ করা হয়। মামলা পরিচালনার জন্য ৪৮ জন আইনজীবী আবেদন করেন।# মহ/ দৈনিক বাংলার তরী

  • আজ পৃথিবী থেকে দেখা যাবে দুটি চাঁদ

    আজ পৃথিবী থেকে দেখা যাবে দুটি চাঁদ

    ডেক্স নিউজ :

    মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা। পৃথিবীর মাধ্যাকর্ষণশক্তির টানে অনেক দূর থেকে ছুটে এসেছে চাঁদের মতোই আরও এক উপগ্রহ। তার নাম দেওয়া হয়েছে ‘মিনি মুন’।

    রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে পৃথিবীর চারপাশে ঘুরবে এই ‘মিনি মুন’। এটি আদতে একটি ছোট গ্রহাণু। বিজ্ঞানীরা এই গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৪ পিটি৫’। এটি চাঁদের মতো একেবারে স্থায়ী উপগ্রহ নয়, বরং এটি কিছুদিনের পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকবে।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নতুন এই চাঁদকে দেখা যাবে। তবে ‘মিনি মুন’ এতই ছোট এবং আবছা যে খালি চোখে একে দেখা যাবে না। এটি দেখার জন্য পেশাদার সরঞ্জামের প্রয়োজন হবে। দুরবিন বা হোম টেলিস্কোপেও চোখে ধরা দেবে না এই চাঁদ। কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।

    পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন, অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন ২৮ লাখ মাইল দূরত্বে আসতে পারে। এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে। যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না। অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি।

    নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি-মুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, ‘স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে। যেকোনো গ্রহাণুকে মিনি-মুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় ২৮ লাখ মাইলের কাছাকাছি আসতে হবে। এ অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায়।

    চলতি বছরের ৭ আগস্ট গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময়ে, পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হবে। কক্ষপথে ঢুকে প্রদক্ষিণও করবে দুই মাস ধরে। অর্থাৎ পৃথিবীর দুই নম্বর উপগ্রহ সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরবে। ২৫ নভেম্বরের পরে, এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপরে আবার নিজেই কক্ষপথে চলে যাবে।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দুই মাসের জন্য এই গ্রহাণু যে শুধু পৃথিবীর উপগ্রহ হয়েই ঘুরবে তা কিন্তু নয়, বিজ্ঞানীদের গবেষণায় বিশেষ সাহায্য করবে এটি। এর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্যও জানতে পারা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।#মহ/দৈনিক বাংলার তরী

     

    সূত্র:Rtv