Author: Admin1

  • পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

    পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বেলপুকুর রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।

    ওসি আরো বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

    মহ/

  • দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

    দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

    স্টাফ রিপোর্টারঃ

    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।
    ২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে (সকাল ৬.০৪ ঘটিকা) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা চত্বরে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের স্মরণ করা হয়।

    শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নেতৃত্বে সর্বপ্রথম পুষ্পস্তবক করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড, পৌর প্রশাসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণ মানুষ বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

    সকাল ৯ টার দিকে দুর্গাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয় ।

    বিকেলে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে T-20 ক্রিকেট টুর্নামেন্ট,ফুটবল, কাবাডি,হা-ডু-ডু আয়োজন শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

    গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে আলোকসজ্জা মাধ্যমে মহান স্বাধীনতা দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদা পালন করা হয়েছে।#

    মহ/

  • চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন

    চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক:

    বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান।

    সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একাংশকে মাঠে নামিয়েছেন চেয়ারম্যান ড. আসাদুজ্জামান। তারা বুধবার দুপুরে মানববন্ধন করেছেন বিএমডিএ কার্যালয়ের সামনে। পরে পুলিশ আসলে তারা চলে যায়।

    রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান।

    এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নির্বাহী প্রকৌশলী ও চেয়রাম্যানের ব্যক্তিগত কর্মকর্তা তরিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।#

    মহ/

  • রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-১

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীতে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির সময় তার বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগবিতণ্ডা হয়।

    একপর্যায়ে আমিনুল হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

    হত্যাকাণ্ডের পর থেকে আমিনুল পলাতক ছিলেন। র‍্যাব ছায়া তদন্ত চালিয়ে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তারের পর তাকে শাহমখদুম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-৫।#

    মহ/

  • দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ

    রাজশাহীর দূর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ মার্চ (সোমবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ জয়নুল আবেদীন, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, দুর্গাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজাদ সরদার,কিসমত গনকৌড় ইউপির প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম। পানানগর ইউপির প্রশাশক ও আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, জয়নগর ইউপির প্রশাশক ও সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, মাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাদত হোসেন,দুর্গাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমানসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকতা (ইউ এনও) উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ।#

    মহ/

  • দুর্গাপুরে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদসভা মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

    দুর্গাপুরে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদসভা মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর  নির্বিচারে গণহত্যা  ও ভারতে মুসলিম নির্যাতনে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও শহীদদের মাগফেরাত কামনা করে দেওয়া অনুষ্ঠিত হয়েছে। 

    ২১ মার্চ (শুক্রবার) দুর্গাপুর উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পারভেজ মনির উদ্যোগে, দুর্গাপুর মুসলিম জনতার ব্যানারে ওলামা একরাম মুসল্লী সাধারণ জনতার উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পুরা দুর্গাপুর বাজার প্রদক্ষিণ করে প্রতিবাদ সভাটি উপজেলা মোড়ে এসে অবস্থান নেয়।

    এ-সময় ওলামা একরামরা গাজা উপত্যকায় বর্বর ইসরাইল বাহিনীর বিচার গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

    মুফতী জুবায়ের আমিন বলেন, এখনই সময় মুসলমানদের ইসরাইল ও ভারতীয় পণ্য বয়কট করার। এবং এই বর্বরতা হামলার বিচারের দাবি জানায় বিশ্ব নেতাদের কাছে।

    উপজেলা মডেল মসজিদের ইমাম মো: আল-আমিন এর উপস্থিতিতে,  মাওলানা জয়নাল আবেদিন, শহীদদের রুহের মাগফেরাত কামনা ও ইসরাইল, ভারত সহ বিশ্বের সকল মুসলমানদের  মুসিবত থেকে  পরিত্রাণের দোয়া ও মোনাজাত করেন ।#

    মহ/

  • গোদাগাড়ীতে পাচারকালে ভিজিএফের দুই হাজার ৬৩২ কেজি চাল জব্দ

    গোদাগাড়ীতে পাচারকালে ভিজিএফের দুই হাজার ৬৩২ কেজি চাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক :

    রাজশাহীর গোদাগাড়ীতে পাচারকালে ভিজিএফের দুই হাজার ৬৩২ কেজি চাল জব্দ করা হয়েছে। উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। 

    বৃহস্পতিবার (২০ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপজেলার গোগ্রাম ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত এসব চাল জব্দ করেন। চাল পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী গাঁঢাকা দিয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণের লক্ষে গোগ্রাম ইউনিয়নের জন্য ২৪ মেট্রিক টন বস্তা চাল বরাদ্দ করা হয়। এই পরিমাণ চাল দুই হাজার ৩৮০ জন দুঃস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণের কথা ছিল।

    বুধবার একদফা কিছু চাল বিতরণ করা হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব চাল বিতরণ দেখানো হয়।

    বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভ্যানে করে চাল পাচারের সময় এলাকাবাসী দেখতে পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন করেন। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে দুই হাজার ৬৩১ কেজি চাল জব্দ করেন।

    ইউএনও’র প্রতিবেদনে বলা হয়েছে, গোগ্রাম ইউনিয়নের ধাতমা গ্রামের একটি সড়ক থেকে ২৯ বস্তা, ধাতমা খাড়ি ব্রিজের কাছ থেকে ১৭ বস্তা, গোগ্রাম হাটপাড়ার মুকতাদিরের বাড়ি থেকে ৮ বস্তা ও খাদ্য অধিদপ্তরের সীলমোহরকৃত ৮৫টি খালি বস্তা জব্দ করা হয়। এসময় চাল পাচারকালে তেরোপাড়া গ্রামের আসাদুল ও উচ্ছড়াকান্দি গ্রামের মাইনুলকে আটক করা হয়।

    ইউএনও ফয়সাল আহমেদ জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাল আটক অভিযান চলে। এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের একজন কর্মচারী বাদী হয়ে থানায় তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ দিয়েছেন।এবং এটি মামলা হবে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক জানান, পাচার হওয়া চাল ক্রয়ের অভিযোগে দুই জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

    স্থানীয়রা জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান কারাগারে গেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আসলাম আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

    ঈদ উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষদের মাঝে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। যাদেরকে চালের কার্ড দেওয়া হয়েছে তাদের অধিকাংশই সচ্ছল ও বিএনপির স্থানীয় নেতাকর্মী। এই চক্রটি চাল তুলে পরিষদেই বিক্রি করে দিয়েছেন।

    অভিযোগের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসলাম আলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।#

    মহ/

  • আওয়ামী লীগের ২নেতা চেয়ারম্যান শশুরের প্রভাব খাটিয়ে ৮ কোটি টাকার ২টি প্রতিষ্ঠান দখল : বিচারের  আশায় দ্বারে দ্বারে ঘুরছে এম ডি 

    আওয়ামী লীগের ২নেতা চেয়ারম্যান শশুরের প্রভাব খাটিয়ে ৮ কোটি টাকার ২টি প্রতিষ্ঠান দখল : বিচারের  আশায় দ্বারে দ্বারে ঘুরছে এম ডি 

    নিজস্ব প্রতিবেদক :

    প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের ২ নেতা দখল করে নিলো প্রায় ৮ কোটি টাকার জেনারেল এগ্রোভিট ও অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ২টি প্রতিষ্ঠান। মারপিট করে বের করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্তাপনা পরিচালক নাজমুস সাকিবকে। বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারায় সাংবাদিক সম্মেলনে এ দাবি করেছেন তিনি।

    সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে জেনারেল এগ্রোভিট প্রতিষ্ঠানের ব্যবস্তাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ২০১৭ সালে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ’র জামাতা রফিকুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে জেনারেল এগ্রোভিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রায় দুই বছর ব্যবসা পরিচালনার পর ২০১৯ সালে আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। নাম দেন অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ। সে সময় আরেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মেহের আলীকে ব্যবসার পার্টনার নেন। তিনজনের মধ্যে চুক্তি হয় সমান অংশীদারের। তিনি ছিলেন জেনারেল এগ্রোভিট লিমিটেডের এমডি এবং অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

    ফিশারিজ এবং ফিশারিজ ম্যানেজমেন্টে মাস্টার্স বিএসসি (অনার্স) করা সাকিব আরও জানান, মেধা আর পরিশ্রম দিয়ে দ্রুত প্রতিষ্ঠান দুটোকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ হয়ে ওঠে প্রায় ৮ কোটি টাকা। এমন অবস্থায় ওই দুই পার্টনার ষড়যন্ত্র করে তার শ্বশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সামাদের সরাসরি হস্তক্ষেপে ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানের ভেতরেই আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে  বের করে দেয়।

    ওই সময় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাও বানচাল করে দেয়া হয়। আমাকে শূন্য হাতে বের করে দেয়। ভেড়ামারা থানায় এক সালিশে আমাকে নগদ ৭০ লাখ টাকা দেয়ার প্রস্তাব করা হলে আমি সেই প্রস্তাবে রাজি হইনি। তিনি বলেন, ব্যবসা ছেড়ে আসতে হলেও চুক্তি অনুযায়ী আমি ২ কোটি ৫০ লাখ টাকা পাওনাদার হই। এ সময় আওয়ামী লীগের ওই গ্যাং প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করিয়ে নেয়।

    এ বিষয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২ পার্টনার, তার সহযোগী আব্দুস সামাদ চেয়ারম্যান ও মোকাদ্দেস হোসেন ঝন্টুকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছি। তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচার চাই।#

    মহ/

  • সাবেক স্ত্রীর আটটি মামলায় জর্জরিত স্বামী ও তার প‌রিবার

    সাবেক স্ত্রীর আটটি মামলায় জর্জরিত স্বামী ও তার প‌রিবার

    নিজস্ব প্রতি‌বেদক:

    সাবেক স্ত্রীর করা পরপর আটটি মামলায় জর্জরিত হয়ে পড়েছেন এক শিক্ষক। তার বিরুদ্ধে করা এসব মামলা মিথ্যা দাবি করেছেন। এছাড়াও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মামলা দেওয়ার প্রতিবাদে নগরীর গৌরহাঙ্গা এলাকায় এক সংবাদ সম্মেলন করেন মজনু আহমেদ সাগর। তার সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা এই মামলাগুলো করেছেন।

    শুধু স্ত্রী নয় তার সাবেক শ্বশুর বজলুর রহমান এই মামলায় জড়িত বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। এবং র‌্যাবের সোর্সের মাধ্যম দিয়ে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করেন তিনি। এছাড়াও নারী নির্যাতন, যৌতুক, টাকা আত্মসাৎ, চেক ডিজওনারের পৃথক আটটি মামলা করেছেন তারা।

    তিনি বলেন, এই মিথ্যা মামলাগুলোর কারণে তিনি ও তার পরিবার চরম অসহায় হয়ে পড়েছেন এতে তাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব পড়ছে। এছাড়াও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থও হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই হয়রানির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    মাহবুবা খাতুন নীলার মামলায় ভুক্তভোগী রাজীব আলী রাতুল বলেন, তিনি যে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন মিথ্যা। আমিই উল্টো ওর কাছে টাকা পাবো। ব্যবসায়ীর অংশীদার হিসেবেও তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু তার এত আয়ের উৎস কোথায় তা জানা সকলের দরকার।

    এবিষয়ে কথা বলার জন্য সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলার সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

    মহ/

  • দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা হস্তান্তর

    দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা হস্তান্তর

    নিজস্ব প্রতিবেদকঃ

    রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা উপজেলা পরিষদের পক্ষ হতে
    অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় ৩৭৮ পিস সরবরাহ করা হয়েছে।

    ২০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন হাসপাতাল কতৃপক্ষের নিকট জলাতঙ্ক ( র‌্যাবিস ভ্যাকসিন) হস্তান্তর করেন।

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক -ই- মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    জানা যায়, উপজেলাতে দীর্ঘদিন এই টিকার সরবরাহ না থাকায় বিপাকে পড়েছিলেন কুকুর, বিড়ালের আক্রমনের শিকার রোগীরা। অতিরিক্ত দরে ফার্মেসী থেকে সংগ্রহ করে সেবা নিতেন রোগীরা। তবে অসহায় দরিদ্র রোগিদের জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে “ রোগী কল্যাণ তহবিল” থেকে আক্রান্ত রোগিদের সল্প সহযোগিতা প্রদান করা হচ্ছিল। সংকট নিরসনে ইউএনও সাবরিনা শারমিনের অন্তরিক্ষ প্রচেষ্টায় দীর্ঘদিন পড়ে হাসপাতাল থেকে ভ্যাকসিন পাবেন রোগীরা।

    এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন জানান, এডিপি থেকে চাহিদার ভিত্তিতে চিকিৎসা খাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদা মোতাবেক পুনরায় এ ধরনের প্রকল্প নেয়া হবে।#

    মহ/