নিজস্ব প্রতিবেদক :
প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের ২ নেতা দখল করে নিলো প্রায় ৮ কোটি টাকার জেনারেল এগ্রোভিট ও অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ২টি প্রতিষ্ঠান। মারপিট করে বের করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্তাপনা পরিচালক নাজমুস সাকিবকে। বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারায় সাংবাদিক সম্মেলনে এ দাবি করেছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে জেনারেল এগ্রোভিট প্রতিষ্ঠানের ব্যবস্তাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ২০১৭ সালে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ’র জামাতা রফিকুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে জেনারেল এগ্রোভিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রায় দুই বছর ব্যবসা পরিচালনার পর ২০১৯ সালে আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। নাম দেন অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ। সে সময় আরেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মেহের আলীকে ব্যবসার পার্টনার নেন। তিনজনের মধ্যে চুক্তি হয় সমান অংশীদারের। তিনি ছিলেন জেনারেল এগ্রোভিট লিমিটেডের এমডি এবং অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।
ফিশারিজ এবং ফিশারিজ ম্যানেজমেন্টে মাস্টার্স বিএসসি (অনার্স) করা সাকিব আরও জানান, মেধা আর পরিশ্রম দিয়ে দ্রুত প্রতিষ্ঠান দুটোকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ হয়ে ওঠে প্রায় ৮ কোটি টাকা। এমন অবস্থায় ওই দুই পার্টনার ষড়যন্ত্র করে তার শ্বশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সামাদের সরাসরি হস্তক্ষেপে ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানের ভেতরেই আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেয়।
ওই সময় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাও বানচাল করে দেয়া হয়। আমাকে শূন্য হাতে বের করে দেয়। ভেড়ামারা থানায় এক সালিশে আমাকে নগদ ৭০ লাখ টাকা দেয়ার প্রস্তাব করা হলে আমি সেই প্রস্তাবে রাজি হইনি। তিনি বলেন, ব্যবসা ছেড়ে আসতে হলেও চুক্তি অনুযায়ী আমি ২ কোটি ৫০ লাখ টাকা পাওনাদার হই। এ সময় আওয়ামী লীগের ওই গ্যাং প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করিয়ে নেয়।
এ বিষয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২ পার্টনার, তার সহযোগী আব্দুস সামাদ চেয়ারম্যান ও মোকাদ্দেস হোসেন ঝন্টুকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছি। তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচার চাই।#
মহ/