স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।
২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে (সকাল ৬.০৪ ঘটিকা) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা চত্বরে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের স্মরণ করা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নেতৃত্বে সর্বপ্রথম পুষ্পস্তবক করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড, পৌর প্রশাসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণ মানুষ বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সকাল ৯ টার দিকে দুর্গাপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয় ।
বিকেলে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে T-20 ক্রিকেট টুর্নামেন্ট,ফুটবল, কাবাডি,হা-ডু-ডু আয়োজন শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে আলোকসজ্জা মাধ্যমে মহান স্বাধীনতা দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদা পালন করা হয়েছে।#
মহ/